× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণ করতে হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

১২ এপ্রিল ২০২৬, ১৯:২০ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর সদস্যদের দল ও মতের ঊর্ধ্বে থেকে দেশকে ধারণে প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার নির্দেশনা দিয়েছেন।একইসঙ্গে তিনি দেশের সার্বভৌমত্ব ও সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, জনগণের আস্থা অটুট রাখা এবং কর্ম, সততা, শপথ ও ত্যাগের মাধ্যমে দেশকে ভালোবাসার আহ্বান জানান।

রবিবার (১২ এপ্রিল) সকালে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এ নির্দেশনা প্রদান করেন। এ সময় প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

দরবারে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। এটি একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি ও মর্যাদার প্রতীক। রাষ্ট্রের সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথচলার মূল ভিত্তি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা প্রতিটি সদস্যের একমাত্র ও পবিত্র দায়িত্ব।”

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে নানা ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ওই ঘটনার মাধ্যমে সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে বাহিনীকে বিতর্কিত করার প্রচেষ্টা দেখা গেছে।

সেনাবাহিনীর আধুনিকায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই সময় থেকে গড়ে ওঠা দেশপ্রেম ও শক্তিশালী মনোভাব অব্যাহত রাখা জরুরি। একটি ঐক্যবদ্ধ সশস্ত্র বাহিনী থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না।

তিনি আরও বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ একটি বড় অর্জন, যা বিএনপি সরকারের সময়ে আন্তর্জাতিকভাবে আরও উচ্চপর্যায়ে পৌঁছায়।

প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী কেবল যুদ্ধকালীন শক্তি নয়, বরং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তাদের ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

তিনি বলেন, “আমরা এমন একটি সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে এবং দেশের জনগণ আস্থায় রাখবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে সর্বদা উচ্চ আদর্শে থাকতে হবে।”

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার।

দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব, শৃঙ্খলা, দেশের সার্বিক নিরাপত্তা রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে অবদানের প্রশংসা করেন।

বিশেষ করে ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময় থেকে বর্তমান পর্যন্ত দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।

প্রধানমন্ত্রী ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং জাতীয় উন্নয়নে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

দরবারে ঢাকায় অবস্থানরত সামরিক ও অসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের অন্যান্য স্থান থেকে সদস্যরা ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে অংশ নেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.