× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

ডেস্ক রিপোর্ট।

১৮ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

বৈশাখের শুরুতেই কিছুটা স্বস্তি মিললেও দেশের তাপমাত্রা এখনো ৩৬ ডিগ্রির ঘরেই ঘোরাফেরা করছে। এমন পরিস্থিতিতে নতুন করে বৃষ্টি, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

শনি ও রোববার (১৮-১৯ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ সময় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনাও রয়েছে। এই দুই দিনে দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপমাত্রার দিক থেকে শনিবার দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। রোববার আবার দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন আসবে না।

সোম ও মঙ্গলবার (২০-২১ এপ্রিল) ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ঢাকা ও চট্টগ্রামের দু-এক জায়গায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সোমবার দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। এ সময়ে সোমবার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও মঙ্গলবার দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

বুধবার (২২ এপ্রিল) রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এই সময়েও তাপমাত্রা ধীরে ধীরে বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে গত ২৪ ঘণ্টায় রংপুরে সর্বোচ্চ ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া নীলফামারীর ডিমলায় ৪ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার এবং নারায়ণগঞ্জে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.