× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কৃষি প্রযুক্তিতে বাংলাদেশ ও চীনের উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে: ইসমাইল জবিহউল্লাহ

ডেস্ক রিপোর্ট।

১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পিএম

ছবি: সংগৃহীত।

বিএনপির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দলের সঙ্গে চীনের সিপিসি লু'আন পৌর কমিটির স্থায়ী কমিটির সদস্য ও লু’আন পৌর সরকারের ভাইস-মেয়র লি কিয়াংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৮ এপ্রিল) সকালে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে গত ১৬ এপ্রিল চীন পৌঁছায় বিএনপি’র ১৯-সদস্যের একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ।

এছাড়াও চীনা পক্ষের হয়ে লু'আন পৌর সরকারের উপ-মহাসচিব ও পৌর সরকারি কার্যালয়ের (পৌরসভা পররাষ্ট্র বিষয়ক দপ্তর) পরিচালক লিউ ঝেংওয়াং এবং লু'আন পৌর গণসরকারের (পররাষ্ট্র) পূর্ণকালীন উপ-পরিচালক কিন ফেই সভায় উপস্থিত ছিলেন।

এর আগে চীন সফররত বিএনপি’র প্রতিনিধি দল চীনের বিখ্যাত চা কোম্পানি ‘গুয়াপিয়ান টি কোম্পানি লিমিটেড’ পরিদর্শন করে। এসময় তারা উক্ত কোম্পানির চা উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উচ্চমান নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা দিক পরিদর্শন করেন। উল্লেখ্য, গুয়াপিয়ান চা কোম্পানি চীনের সবচেয়ে বিখ্যাত ১০টি কোম্পানির মধ্যে একটি।

পরিদর্শন শেষে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা বলেন, এই অভিজ্ঞতা ছিল একই সঙ্গে জ্ঞানসমৃদ্ধ ও অনুপ্রেরণাদায়ক। চা চাষ, প্রক্রিয়াজাতকরণ এবং মান নিয়ন্ত্রণের সূক্ষ্ম ও যত্নশীল প্রক্রিয়া প্রত্যক্ষ করে লু’আনের খ্যাতনামা চা শিল্পের ঐতিহ্য ও উদ্ভাবনের প্রতি আমাদের উপলব্ধি আরও গভীর হয়েছে। এটি কেবল একটি কারখানা পরিদর্শন ছিল না; বরং এটি ছিল একটি শিক্ষণীয় অভিজ্ঞতা। আমরা প্রত্যক্ষ করেছি, কীভাবে ঐতিহ্য ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে উৎকর্ষতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব।

তিনি বলেন, কৃষিভিত্তিক অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, ভ্যালু চেইন উন্নয়ন এবং গ্রামীণ শিল্পায়নের মতো খাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা স্থানীয় পর্যায়েও আরও জোরদার করা সম্ভব। কৃষি প্রযুক্তি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মতো ক্ষেত্রে আমরা উল্লেখযোগ্য সম্ভাবনা দেখতে পাচ্ছি। বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের যে আস্থা, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার সম্পর্ক রয়েছে, এ ধরনের সফর সেই সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করবে বলেও মন্তব্য করেন তিনি।

পরিদর্শন শেষে বিএনপি’র প্রতিনিধি দল লু’আন শহরের মেয়রের আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে যোগদান করেন।

এর আগে ১৭ এপ্রিল প্রতিনিধি দল চীনের বিখ্যাত জ্যাক মটরস কোম্পানির অফিস পরিদর্শন করেন এবং চীনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করতে গেলে সেখানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সঙ্গে দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেওয়া পরিকল্পনাগুলো তুলে ধরা হয়। তারা আমাদেরকে পেয়ে অনেক অভিভূত এবং আনন্দিত হয়। তারা বলেছে, পড়াশোনা শেষে দেশে ফিরে জনগণের কল্যাণে কাজ করবে।

এছাড়াও প্রতিনিধি দলে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শামসুজ্জামান দুদু, ভাইস চেয়ারম্যান এস এম আসাদুজ্জামান রিপন, সংসদ সদস্য ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, কেন্দ্রীয় কমিটির সদস্য নজমুল হক নান্নু, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বেবি নাজনীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম, সংসদ সদস্য ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সংসদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য ও বাংলাদেশ জুট ওয়ার্কার পার্টির সভাপতি সাঈদ আল নোমান, মাগুড়া জেলা বিএনপির সদস্য সচিব ও সংসদ সদস্য মনোয়ার হোসেন, মায়ের ডাক-এর আহ্বায়ক সানজিদা ইসলাম, জাতীয়তাবাদী যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমান উল্লাহ আমান, প্রধানমন্ত্রীর উপদেষ্টার সহকারী একান্ত সচিব মীর সোলাইমানসহ জনপ্রশাসন মন্ত্রণালয় ও রিসার্চ অ্যাসোসিয়েট, বিএনআরসি (বিএনপি গবেষণা উইং) নেতারা রয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.