দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগস্ট ও সেপ্টেম্বর—এই দুই মাসে দীর্ঘ ছুটির আমেজ পেতে যাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক শিক্ষাপঞ্জি পর্যালোচনা করে দেখা গেছে, আগামী দুই মাসে সাপ্তাহিক ছুটি এবং বিভিন্ন সরকারি ছুটি মিলিয়ে স্কুল-কলেজগুলোতে মোট ২১ দিন ছুটি মিলবে।
ছুটির হিসাব অনুযায়ী, আগস্ট মাসেই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ১২ দিন। এই মাসে সাধারণ সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) রয়েছে মোট ৯ দিন। এর বাইরে বিশেষ দিবস হিসেবে আগামী ৫ আগস্ট জুলাই গণ-অভ্যুত্থান দিবস, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১ দিন করে সরকারি ছুটি থাকবে। সব মিলিয়ে আগস্ট মাসেই ১২ দিন শ্রেণির কার্যক্রম বন্ধ থাকছে।
পরের মাস সেপ্টেম্বরেও ছুটির ধারাবাহিকতা বজায় থাকছে। সেপ্টেম্বর মাসে নিয়মিত সাপ্তাহিক ছুটি রয়েছে ৮ দিন। এছাড়া আগামী ২৪ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ১ দিনের সাধারণ ছুটি থাকবে।
যদিও এই মাসে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা এবং হিন্দু ধর্মাবলম্বীদের শুভ মহালয়া উপলক্ষে আলাদা ছুটি নির্ধারিত রয়েছে, তবে দিবস দুটি শনিবার তথা সাপ্তাহিক ছুটির দিনে পড়ায় এর জন্য অতিরিক্ত কোনো ছুটি যুক্ত হচ্ছে না। ফলে সব মিলিয়ে সেপ্টেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে মোট ৯ দিন।