সিঙ্গাপুর সরকারের আমন্ত্রণে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম আজ রোববার চার দিনের সরকারি সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এটি তার মন্ত্রিসভার কোনো সদস্যের প্রথম সরকারি সিঙ্গাপুর সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র কালবেলাকে জানায়, সফরটিকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সফরকালে তিনি সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র-প্রতিমন্ত্রী, জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রীসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, বন্দর ও প্রযুক্তি কেন্দ্র পরিদর্শন এবং প্রবাসী বাংলাদেশিদের স্বীকৃতি অনুষ্ঠানে অংশ নেবেন।
সূত্রমতে, সকাল ৮টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করবেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও তার প্রতিনিধিদল। সিঙ্গাপুরের বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানাবেন, সিঙ্গাপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সিডিএ এবং সিঙ্গাপুরে বাংলাদেশের জন্য নিযুক্ত নন-রেসিডেন্ট হাইকমিশনার। সন্ধ্যায় বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে প্রতিমন্ত্রী ও প্রতিনিধিদলের সম্মানে অভ্যর্থনা নৈশভোজ অনুষ্ঠিত হবে।
সিঙ্গাপুরে প্রায় দেড় লাখ বাংলাদেশি নাগরিক বসবাস করেন, যারা তাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামীকাল সোমবার সন্ধ্যায় তাদের এই অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
মঙ্গলবার সকালে তিনি পিএসএ ইন্টারন্যাশনাল পরিদর্শন করবেন বলে জানায় সংশ্লিষ্ট সূত্র। পিএসএ
সিঙ্গাপুরভিত্তিক বিশ্বের অন্যতম বৃহৎ বন্দর অপারেটর। তারা চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল প্রকল্পে অংশগ্রহণ ও বিনিয়োগে আগ্রহী। বিভিন্ন সূত্রমতে, পিএসএর সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ প্রায় ১ বিলিয়ন ডলার। কিন্তু পিএসএর সঙ্গে চূড়ান্ত কনসেশন বা অপারেটিং চুক্তি এখনো স্বাক্ষরিত হয়নি। তবে আলোচনা চলমান এবং প্রকল্প এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এ ছাড়া পিএসএ মেরিন (পিএসএর সহযোগী প্রতিষ্ঠান) এরই মধ্যে বাংলাদেশে সক্রিয়। তারা সামিট এলএনজি টার্মিনালের সঙ্গে ১৫ বছরের চুক্তির আওতায় সাপোর্ট ভেসেল সার্ভিস দিচ্ছে। সিঙ্গাপুর সরকার ও পিএসএ উভয়ই এখনো আগ্রহ প্রকাশ করে যাচ্ছে এবং দ্বিপক্ষীয় আলোচনায় বন্দর ও লজিস্টিকস খাতে সহযোগিতা করতে চাইছে।
একইদিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের জনশক্তিবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ ভাসু দাসের সঙ্গে বৈঠক করবেন। সেখানে বাংলাদেশ থেকে বৈধপথে প্রবাসীদের প্রেরণসহ মানবসম্পদ রপ্তানি ইস্যুতে আলোচনা করবেন। দুপুরে সিঙ্গাপুরের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলকারনাইন বিন আব্দুল রহিমের সঙ্গে বৈঠক ও পরে মধ্যাহ্নভোজে অংশ নেবেন শামা ওবায়েদ। বিকেলে প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পরে শামা ওবায়েদ বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান তুয়াসওয়ান পরিদর্শন করবেন।
বুধবার ঢাকার উদ্দেশে রওনা হবেন প্রতিমন্ত্রী। এ সফরের মাধ্যমে বাংলাদেশ-সিঙ্গাপুর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন গতি লাভ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বাণিজ্য, বিনিয়োগ, বন্দর ও লজিস্টিকস সহযোগিতা, প্রযুক্তি, জনশক্তি এবং টেকসই উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
