প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফরের সাফল্য কামনা করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে অধিবেশনে উপস্থিত রাষ্ট্র ও সরকারপ্রধানেরা আলোড়িত হবেন। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে রাষ্ট্রদূত এসব কথা বলেন।
স্ট্যাটাসে তিনি বলেন, ‘কষ্টার্জিত গণতন্ত্রের বিজয় গাঁথায় বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান সস্ত্রীক জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্ক গেছেন। তার এই ঐতিহাসিক সফরের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার শীর্ষ নেতা তারেক রহমানের বক্তব্যে উপস্থিত রাষ্ট্র ও সরকার-প্রধানরা আলোড়িত হবেন।’
তিনি বলেন, অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে।
স্ট্যাটাসে যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের প্রসঙ্গও তুলে ধরেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী। তিনি বলেন, গত দেড় দশক ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা যেভাবে জেএফকে বিমানবন্দর থেকে ফার্স্ট অ্যাভিনিউয়ের ৪৬ স্ট্রিট পর্যন্ত স্লোগানে মুখরিত করে রেখেছিলেন, এবার তারা তাদের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টিতে বিন্দুমাত্র কার্পণ্য করবেন না।
স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, ‘ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে সবার আগে বাংলাদেশ।’