বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের সম্মানজনক ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম. ইকবাল হোসেইন।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে সফররত জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি ইসাবেল বিশপের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে সচিবালয়ে বৈঠককালে প্রতিমন্ত্রী এ সহযোগিতা চান।
তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। ব্যাপক সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর এদেশে বসবাস পরিবেশ ও প্রতিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া সংশ্লিষ্ট এলাকার আর্থ-সামাজিক অগ্রগতির জন্যও এটি অন্তরায়।
বিশেষ দূত রোহিঙ্গাদের দীর্ঘ দিন ধরে আশ্রয় ও আতিথেয়তা দেওয়ার জন্য বাংলাদেশের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত এ মনোভাব অব্যাত রাখার আহ্বান জানান।
বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, শরনার্থী সেলের প্রধান মোহাম্মদ নাজমুল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।
প্রতিনিধিদলে ছিলেন, সিনিয়র পলিটিক্যাল অফিসার ডানকান কেইথ উইলসন, পাবলিক ইনফরমেশন অফিসার প্নু পেই দেট চায়েল প্রমুখ।