× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পূজামণ্ডপ পরিদর্শনে আজ তিন জেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

২০ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ এএম

ছবি: সংগৃহীত।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে রংপুর এবং পরে রাজশাহী ও চট্টগ্রামে যাবেন। এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে দুর্গাপূজার মণ্ডপ দেখতে যাচ্ছেন। তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সঙ্গে কুশলবিনিময় করবেন। চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন শেষে রাতেই ঢাকায় ফিরবেন।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে তিন জেলার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। এর আগে রোববার রাতে রাজধানীর মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। আজ দুর্গাপূজার মহানবমী। পরদিন বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব। তিন জেলা থেকে প্রতিনিধিদের পাঠানো খবর

চট্টগ্রাম : চট্টগ্রামে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসাহ-উদ্দীপনা। নগরীর বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে সড়ক সংস্কার, পরিচ্ছন্নতা এবং সৌন্দর্যবর্ধন কাজসহ সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। থাকছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন থাকছে। সন্ধ্যায় প্রধানমন্ত্রী নগরীর জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে র‌্যাডিসন ব্লুতে সাংগঠনিক সভায় অংশ নেবেন।

চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জি বলেন, ‘দুর্গোৎসব উপলক্ষ্যে দেশের কোনো প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর এবারই প্রথম। আমাদের মাঝে আনন্দের বন্যা বইছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে আমরা প্রস্তুত।’

রাজশাহী : রাজশাহীতে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাবেন। এছাড়া স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য দেবেন। দুপুরে তিনি রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে বিকাল ৩টায় মাদ্রাসা মাঠে জনসভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। সিটি করপোরেশনের পক্ষ থেকে দিনরাত সড়ক সংস্কার ও সড়ক বিভাজকে রঙ করার কাজ চলছে। এছাড়া শহরের সৌন্দর্যবর্ধনের কাজও হচ্ছে।

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর এই জনসভা হবে ঐতিহাসিক। রাজশাহী-ঢাকা মহাসড়ক চার লেনে উন্নীত করা, রাজশাহী-কলকাতা, রাজশাহী-ঢাকা ও রাজশাহী-চট্টগ্রাম সরাসরি তিনটি ট্রেন চালু করা, রাজশাহী বিমানবন্দরে কার্গো বিমান চলাচলের ব্যবস্থা করাসহ বেশ কিছু দাবি জানানো হবে প্রধানমন্ত্রীর কাছে।

রংপুর : প্রধানমন্ত্রীর সফর ঘিরে রংপুর নগরী নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে প্রধানমন্ত্রীর আগমন পূজার আনন্দের সঙ্গে মিলেমিশে একাকার। বর্ণিল সাজে সজ্জিত হয়েছে রংপুর ধর্মসভা মন্দির। প্রধানমন্ত্রীর সফর ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ইসরাত জাহান। প্রধানমন্ত্রীর গাড়িবহর নির্বিঘ্ন করতে নজরদারি বাড়িয়েছে সিটি করপোরেশন। রাধা গোবিন্দ মন্দির (রংপুর ধর্মসভা) পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.