তৈরি পোশাক খাতের শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আজ আবারও বসছে মজুরি বোর্ডের বৈঠক।
সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ন্যূনতম মজুরি বোর্ডের কার্যালয়ে সকাল ১১টায় শুরু হবে এই সভা।
পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণে সপ্তম নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় দফার বৈঠক এটি।
আগের বৈঠকে শ্রমিক পক্ষ ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিলেও, সময় চেয়েছিলেন মালিকপক্ষের প্রতিনিধিরা। সে হিসেবে, আজকের বৈঠকেই নিজেদের লিখিত মজুরি প্রস্তাবনা জমা দেয়ার কথা রয়েছে মালিকপক্ষের।
তবে তাৎক্ষণিক কোনো প্রস্তাব না দিয়ে, অভ্যন্তরীণ আলোচনার জন্য বোর্ডের কাছে সময় চান মালিকপক্ষের প্রতিনিধিরা। বোর্ড থেকে তাদের চার কার্যদিবসের সময়সীমা বেঁধে দেয়া হয়। মজুরি প্রস্তাব চূড়ান্ত করতে রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ’র নেতারা নিজেদের মধ্যে বৈঠকও করেছেন। ২০২৩ সালের নভেম্বরে পোশাক শ্রমিকদের সর্বশেষ ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।