× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্কুল-কলেজ-মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা

ডেক্স রিপোর্ট

২৫ নভেম্বর ২০২৬, ০৯:৫২ এএম

ছবি: সংগৃহীত।

দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি এবং আলিম দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দিতে জরুরি নির্দেশনা জারি করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। এ কার্যক্রমের আওতায় ছাত্রীদের শতভাগ উপবৃত্তি এবং ছাত্রদের দারিদ্র্য ও মেধার ভিত্তিতে উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এ জন্য আগামী ২৬ নভেম্বর থেকে শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি শুরু হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির স্কিম পরিচালক মোহাম্মদ আসাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত আবেদন ফরমের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। পরে প্রতিষ্ঠানের বাছাই কমিটির মাধ্যমে এসব তথ্য যাচাই করে HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করতে হবে। আগামী ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে এন্ট্রি কার্যক্রম শুরু হবে।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে HSP-MIS সফটওয়্যারে এন্ট্রি করা তথ্য সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ইউএসইও) অথবা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার (টিএসইও) কাছে অনলাইনে পাঠাতে হবে। এ জন্য আগামী ১২ ডিসেম্বর রাত ১০টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া উপজেলা বা মেট্রোপলিটন এলাকার উপদেষ্টা কমিটির সভায় সুপারিশ করা শিক্ষার্থীদের তালিকা ইউএসইও বা টিএসইওর মাধ্যমে অনলাইনে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে পাঠানোর শেষ সময় ১৩ ডিসেম্বর রাত ১০টা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্ধারিত সময়ের পর কোনো শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে না। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইউএসইও বা টিএসইও কিংবা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট বরাবর কোনো তথ্য পাঠানোর সুযোগ থাকবে না।

উপবৃত্তির জন্য সর্বশেষ সংশোধিত আবেদন ফরম এবং তথ্য এন্ট্রি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে (www.pmeat.gov.bd) পাওয়া যাবে। এ ছাড়া এ-সংক্রান্ত চিঠি ও আবেদন ফরম দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে।

উপবৃত্তি সংক্রান্ত যেকোনো প্রয়োজনে ০১৩১৬৬৫৮২৩০ ও ০১৩১৬৬৫৮৫২৯ নম্বরে যোগাযোগ করা যাবে। হেল্পলাইন দুটি অফিস চলাকালীন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চালু থাকবে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.