× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঈশ্বরদী ইপিজেডে প্যাকেজিং কারখানা করবে চীনা কোম্পানি, চুক্তি সই

১৩ মে ২০২৫, ২০:২৭ পিএম

ছবিঃ সংগৃহীত।

পাবনার ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান। সে লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি সই করেছে প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১৩ মে) ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) ২০২৪-২৫ অর্থবছরে (১৩ মে পর্যন্ত) ৩২টি দেশি ও বিদেশি প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৮০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আকর্ষণ করেছে। ইপিজেডসমূহ এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের এই বিনিয়োগ দেশের শিল্পায়নে বেপজার গুরুত্বপূর্ণ ভূমিকা আরও সুদৃঢ় করছে।

ক্রমবর্ধমান বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে বেপজা আজ চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের সঙ্গে একটি লিজ চুক্তি স্বাক্ষর করে। প্রতিষ্ঠানটি ঈশ্বরদী ইপিজেডে একটি প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ কারখানা স্থাপন করবে। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানেরর উপস্থিতিতে ঢাকায় বেপজা কমপ্লেক্সে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং মেসার্স কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের চেয়ারম্যান সং সিলিং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

বেপজা জানায়, কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেড ৪৫ লাখ মার্কিন ডলার বিনিয়োগে বার্ষিক ৫২ লাখ ৫০ হাজার ডজন পলিব্যাগ, হ্যাং ট্যাগ ও পেপার ট্যাগ তৈরি করবে, যেখানে ২৪০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান বিনিয়োগ গন্তব্য হিসেবে ঈশ্বরদী ইপিজেডকে বেছে নেওয়ায় কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিকে ধন্যবাদ জানান এবং বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজিসহ অন্যান্য চীনা বিনিয়োগকারীদের বৈচিত্র্যময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (প্রশাসন) মো. তাজিম-উর-রহমান এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ কিংডাও ডংফ্যাং প্যাকেজিং টেকনোলজি লিমিটেডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.