× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বড় পতনের পর আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫২ এএম

ছবি: সংগৃহীত।

দেশের বাজারে বড় ধরনের দরপতনের পর আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৫ হাজার ৪২৪ টাকা কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে। এর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকায়।

সোমবার (২ ফেব্রুয়ারি) বাজুসের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের বা পিওর গোল্ডের মূল্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এই দরপতনের প্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নতুন নির্ধারিত দামে দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা। একই সঙ্গে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ঠিক করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৫৬৩ টাকা। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১ হাজার ৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২৩ টাকা। নতুন এই দাম আজ থেকেই দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।

বাজুস জানায়, নির্ধারিত স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি আবশ্যিকভাবে যুক্ত করতে হবে। তবে গহনার নকশা, মান এবং কারিগরি কাজের ভিন্নতার কারণে মজুরির ক্ষেত্রে তারতম্য হতে পারে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে সোমবার সকালে স্বর্ণের দামে এক দফা সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৫১ হাজার ১৮৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৯ হাজার ৭৫৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৫২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৮ হাজার ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই মূল্য ২ ফেব্রুয়ারি বেলা পৌনে ১১টা থেকে কার্যকর হয়।

একই দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম কমানোয় স্বর্ণের বাজারে বড় ধরনের পতন দেখা গেছে। সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলারের বিনিময় হার এবং স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দামের পরিবর্তনের সরাসরি প্রভাব পড়ছে দেশের স্বর্ণের বাজারে।

চলতি বছরে এ নিয়ে দেশের বাজারে মোট ২২ বারের মতো স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ১৪ দফায় দাম বাড়ানো হয়েছে এবং ৮ দফায় দাম কমানো হয়েছে। অন্যদিকে, গত ২০২৫ সালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। সে বছর ৬৪ বার দাম বাড়ানো হয় এবং ২৯ বার কমানো হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.