× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইসলামে দেশপ্রেম ও স্বাধীনতার মূল্য

ডেস্ক রিপোর্ট।

২৬ মার্চ ২০২৬, ১৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

মাতৃভূমি ও স্বদেশের প্রতি মানুষের ভালোবাসা ও আকর্ষণ স্বভাবজাত। ইসলাম মানুষের এই স্বভাবজাত ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছে এবং তাতে উৎসাহিত করেছে। কোরআনের একাধিক আয়াত ও অসংখ্য হাদিসে মানুষকে দেশপ্রেম ও দেশের স্বাধীনতা রক্ষার অনুপ্রেরণা পাওয়া যায়। যেমন মহান আল্লাহ বলেন, ‘আর আমি যদি তাদের আদেশ দিতাম যে, তোমরা নিজেদেরকে হত্যা কর অথবা নিজেদের ঘরবাড়ি থেকে বের হয়ে যাও, তবে তাদের অল্পসংখ্যক কেবল তা করত।’ (সুরা নিসা, আয়াত : ৬৬)

এ আয়াত থেকে বোঝা যায়, মানুষ স্বাভাবিকভাবেই নিজের দেশ ও ঘরবাড়ির প্রতি গভীরভাবে অনুরাগী। এটি মানুষের স্বভাবজাত বৈশিষ্ট্য, যা ইসলাম স্বীকার করে।

রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত পাওয়া যায়। যখন তিনি মক্কা থেকে হিজরত করতে বাধ্য হন, তখন তিনি মক্কার প্রতি ভালোবাসা প্রকাশ করে বলেন, ‘আল্লাহর কসম! তুমি নিশ্চয়ই আল্লাহ তাআলার সকল ভূমির মাঝে সর্বোত্তম এবং আল্লাহর নিকট তুমিই সবচেয়ে প্রিয়ভূমি। আমাকে যদি তোমর বুক হতে (জোরপূর্বক) বিতাড়িত না করা হতো তবে আমি কখনো চলে যেতাম না।’(সুনানে তিরমিজি, হাদিস : ৩৯২৫)

পবিত্র কোরআনের বর্ণনায় একাধিক নবীকে শাস্তি হিসেবে দেশ থেকে বহিষ্কার করার হুমকি দিতে দেখা যায়। যা থেকে প্রমাণিত হয়, নবী-রাসুল (আ.) দেশকে ভালোবাসতেন এবং দেশ ছেড়ে যাওয়াকে অপছন্দ করতেন। যেমন ইরশাদ হয়েছে, ‘অবিশ্বাসীরা তাদের রাসুলদের বলেছিল, আমরা তোমাদেরকে আমাদের দেশ থেকে অবশ্যই বহিষ্কৃত করব। অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে।’ (সুরা ইবরাহিম, আয়াত : ১৩)

ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম নির্ধারিত কিছু আচার-অনুষ্ঠান ও বক্তৃতা-বিবৃতির নাম নয়, ইসলাদের দৃষ্টিতে দেশপ্রেমের অর্থ হলো নিজের জন্মভূমিকে ভালোবাসা, তার কল্যাণ কামনা করা এবং তার নিরাপত্তা ও উন্নতির জন্য কাজ করে যাওয়া। অর্থাত্ দেশের প্রতি নাগরিকের দায়িত্বশীল আচরণই দেশপ্রেমের উত্তম নমুনা। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘স্মরণ কোরো, ইবরাহিম বলেছিল, হে আমার প্রতিপালক! এই নগরীকে নিরাপদ কোরো এবং আমাকে ও আমার পুত্রগণকে প্রতিমা পূজা থেকে দূরে রাখো।’ (সুরা ইবরাহিম, আয়াত : ৩৫)

ইসলামের দৃষ্টিতে দেশপ্রেমের একটি গুরুত্বপূর্ণ দিক হলো দেশে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা। ইসলাম ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর অত্যন্ত গুরুত্ব দিয়েছে। আল্লহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমরা ন্যায়বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর সাক্ষীস্বরূপ।’ (সুরা নিসা, আয়াত : ১৩৫)

রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং সব ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি থেকে দূরে থাকা একজন দেশপ্রেমিক নাগরিকে অন্যতম প্রধান দায়িত্ব। কেননা মহান আল্লাহ বলেছেন, ‘যেখানে তাদের পাবে হত্যা করবে এবং যে স্থান থেকে তারা তোমাদের বের করে দিয়েছে তাদেরও সে স্থান থেকে বের করে দেবে। ফিতনা (বিশৃঙ্খলা) হত্যার চেয়ে গুরুতর।’ (সুরা বাকারা, আয়াত : ১৯১)

বেশির ভাগ মুফাসসির ফিতনার ব্যাখ্যা রাষ্ট্রীয় বিশৃঙ্খলা দ্বারা করেছেন। তা হলো কাউকে বাস্তুচ্যুত করা। উল্লিখিত আয়াত মানবহত্যা ও মানুষকে বাস্তুচ্যুত করা সমপর্যায়ের অপরাধ বলে ধারণা লাভ করা যায়। 

ইসলামের দৃষ্টিতে দেশপ্রেম যেমন গুরুত্বপূর্ণ তেমনি গুরুত্বপূর্ণ তার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা। ইসলামী শরিয়তে রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বজায় রাখার জন্য সীমান্ত পাহারা দেওয়া, শত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করা ইবাদত। কোরআনে মুসলমানদের মাতৃভূমিকে রক্ষার জন্য সর্বদা প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, ‘হে মুমিনগণ! তোমরা ধৈর্য ধারণ কোরো, ধৈর্যে প্রতিযোগিতা কোরো এবং সদা যুদ্ধের জন্য প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় কোরো যাতে তোমরা সফল হতে পারো।’ (সুরা আলে ইমরান, আয়াত : ২০০)

পবিত্র কোরআনে নিজের আবাসভূমিকে রক্ষার লড়াইয়ে সুদৃঢ় থাকার নির্দেশ দিয়ে বলা হয়েছে, ‘হে আমার সম্প্রদায়! আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ কোরো এবং পশ্চাদপসরণ কোরো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে।’ (সুরা মায়িদা, আয়াত : ২১)

রাসুলুল্লাহ (সা.) এই বিষয়ে বলেছেন, ‘আল্লাহর পথে একদিন ও এক রাত সীমান্ত পাহারা দেওয়া (রিবাত) এক মাসের রোজা ও রাতের ইবাদতের চেয়েও উত্তম।’ (সহিহ মুসলিম, হাদিস : ১৯১৩)

অন্য হাদিসে তিনি আরো বলেছেন, ‘প্রত্যেক মৃত ব্যক্তির আমল বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর রাস্তায় সীমান্ত প্রহরীর আমল বন্ধ হয় না। কিয়ামত পর্যন্ত তার আমল বৃদ্ধি পেতে থাকে এবং সে কবরের ফেতনা থেকে নিরাপদ থাকে।’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৫০০)

এসব হাদিস থেকে বোঝা যায় যে, সীমান্ত রক্ষা ও স্বাধীনতা সংরক্ষণ শুধু একটি রাষ্ট্রীয় দায়িত্ব নয়; বরং এটি আল্লাহর নিকট অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত। যারা দেশের নিরাপত্তার জন্য নিজেদের জীবন উত্সর্গ করে, ইসলাম তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করেছে।

আল্লাহ সবাইকে যথাযথ দেশপ্রেমিক হওয়ার তাওফিক দিন। আমিন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.