দেশের বিভিন্ন অঞ্চলে চলছে তীব্র তাপপ্রবাহ। দিন যত যাচ্ছে, বাড়ছে তাপমাত্রা ও গরমের তীব্রতা। প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এরই মধ্যে ‘হিট অ্যালার্ট’ বা তাপপ্রবাহের সতর্কবার্তার মেয়াদ আরও তিন দিন বাড়ানো হয়েছে।
এমন দুর্বিষহ পরিস্থিতিতে আল্লাহর কাছে বৃষ্টি ও স্বস্তি কামনা করা যেতে পারে। হাদিসে বৃষ্টির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর একটি বিশেষ দোয়ার কথা বর্ণিত হয়েছে।
প্রখ্যাত সাহাবি জাবির ইবনু আবদুল্লাহ (রা.) বর্ণনা করেন, বৃষ্টি না হওয়ায় ও প্রচণ্ড গরম পড়ায় একদিন নবী (সা.) এর কাছে কিছু লোক এলো। (গরমের তীব্রতায়) তারা কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন তাদের জন্য এভাবে দোয়া করলেন-
اللَّهُمَّ اسْقِنَا غَيْثًا مُغِيثًا مَرِيئًا نَافِعًا غَيْرَ ضَارٍّ عَاجِلاً غَيْرَ آجِلٍ
উচ্চারণ: আল্লাহুম্মাস কিনা গাইসান মুগিসান মুরিয়্যান নাফিয়ান গাইরা দাররিন আজিলান গাইরা আজিলিন।
অর্থ: হে আল্লাহ! আমাদেরকে বিলম্বে নয় বরং তাড়াতাড়ি ক্ষতিমুক্ত-কল্যাণময়, তৃপ্তিদায়ক, সজীবতা দানকারী, মুষল ধারায় বৃষ্টি বর্ষণ করো।
বর্ণনাকারী বলেন, এরপর তাদের ওপর আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যায় (এবং বৃষ্টি হয়)। (আবু দাউদ ১১৬৯, ইবনু খুযাইমাহ ১৪১৬)
হাদিসে গরমকে আল্লাহর ক্রোধ বলা হয়েছে। আর আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেমন দান সদকা করতে বলেছেন, তেমনি দোয়াও শিখিয়ে গেছেন।
দোয়াটি হলো-
اَللهم إِنِّي أَعُوذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ، وَتَحَوُّلِ عَافِيَتِكَ، وَفُجَاءَةِ نِقْمَتِكَ، وَجَمِيعِ سَخَطِكَ
উচ্চারণ: আল্লাহুম্মা আউজুবিকা মিন যাওয়ালি নি-মাতিকা ওয়া তাহাউলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিয়ি সাখাতিকা।
অর্থ: হে আল্লাহ! অবশ্যই আমি আপনার নিকট আপনার অনুগ্রহের অপসরণ, নিরাপত্তার প্রত্যাবর্তন, আকস্মিক পাকড়াও এবং যাবতীয় অসন্তোষ থেকে আশ্রয় প্রার্থনা করছি।’ (মুসলিম ২৭৩৯, আবু দাউদ ১৫৪৫)
তীব্র গরম ও অস্বস্তিকর এই সময়ে তাই আল্লাহর কাছে রহমতের বৃষ্টি ও স্বস্তি কামনা করা যেতে পারে। সামর্থ্য থাকলে ‘সালাতুল ইসতিসকা’ বা বৃষ্টির নামাজ আদায় করাও যেতে পারে। পাশাপাশি বেশি বেশি দোয়া ও দান-সদকার মাধ্যমে আল্লাহর রহমত কামনা করা উচিত।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার রহমত ও তাওফিক দান করুন এবং এই তীব্র গরম থেকে স্বস্তি দান করুন। আমিন।