মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে প্রথম হয়েছেন বাংলাদেশের ইহতিশামুল হক হীরা। ৯৭ নম্বর পেয়ে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করেন ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর এই শিক্ষার্থী।
তাঁর এ সাফল্যে আনন্দিত প্রবাসী বাংলাদেশিরা। শনিবার (১০ অক্টোবর) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রথম স্থান অর্জনের স্বীকৃতি হিসেবে ইহতিশামুল হক পেয়েছেন ৪০ হাজার মালয়েশীয় রিঙ্গিত নগদ অর্থ, একটি সম্মাননা ট্রফি, পাঁচ হাজার রিঙ্গিত মূল্যের ওমরাহ অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং তিন হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার।
গত ৬ অক্টোবর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (ডব্লিউটিসি) প্রতিযোগিতার উদ্বোধন করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।
মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বারনামার প্রতিবেদনেও হিরার শীর্ষস্থান অর্জনের তথ্য জানানো হয়েছে।
পুরুষদের হিফজ বিভাগে হিরার সঙ্গে যৌথভাবে প্রথম হয়েছেন সিরিয়ার আবদুল রহমান জামাল ইব্রাহিম। তিনি ও হিরা দুজনই ৯৭ নম্বর পেয়েছেন। এ বিভাগে মালয়েশিয়ার মুহাম্মদ ইজ্জুল আফনান সাজালি ৯৬ দশমিক ৩৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
প্রতিযোগিতার অন্য বিভাগগুলোর ফলও ঘোষণা করা হয়েছে। নারীদের তিলাওয়াত বিভাগে মালয়েশিয়ার নুর শাকুরা মোহাম্মদ মুসা ৯১ দশমিক ৮৩ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। সিঙ্গাপুরের আতিকাহ বিনতে সুহাইমি ৯১ নম্বর পেয়ে দ্বিতীয় এবং ব্রুনেইয়ের দায়াংকু সিতি উম্মি শায়জানা বিনতে পেঙ্গিরান হাজি মারজুকি ৯০ দশমিক ৮৩ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
পুরুষদের তিলাওয়াত বিভাগে ইন্দোনেশিয়ার মুহাম্মদ ফাউজি রিদওয়ান ৯৪ দশমিক ৬৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। মালয়েশিয়ার সিক হাসনুল তাকিয়ুদ্দিন সিক সাজালি ৯২ দশমিক ৯৯ নম্বর পেয়ে দ্বিতীয় এবং বেলজিয়ামের ব্রাহিম বুগালাব ৯২ দশমিক ১৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
নারীদের হিফজ বিভাগে নাইজারের চাফাতু ইসুফু ৯৬ দশমিক ১৭ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। লিবিয়ার মিন্নাহ আলী আলসুদানি আগনাইয়াহ ৯৫ দশমিক ৫০ নম্বর পেয়ে দ্বিতীয় এবং মিয়ানমারের থেইন গি মোন ৯৫ নম্বর পেয়ে তৃতীয় হয়েছেন।
ইহতিশামুল হক হীরার এ অর্জনে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের কোরআন শিক্ষার সাফল্যের ধারায় নতুন সংযোজন ঘটেছে। এর আগে ঢাকার মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ সালেহ আহমদ তাকরিম, মুয়াজ মাহমুদ, আনাস মাহফুজ ও সাদ নুরসহ বাংলাদেশের একাধিক প্রতিযোগী বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন।