× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রামিসা হত্যা ও ধর্ষণ: সোহেল-স্বপ্নার আপিলের রায় মঙ্গলবার

ডেক্স রিপোর্ট

১৬ নভেম্বর ২০২৬, ১৭:১৩ পিএম

ছবি: সংগৃহীত।

রাজধানীর মিরপুরের পল্লবীতে সাত বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি সোহেল রানা ও স্বপ্না খাতুনের আপিল ও ডেথ রেফারেন্স শুনানি শেষ হয়েছে। 

এ বিষয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) রায় ঘোষণা করবেন হাইকোর্ট।

সোমবার (১৬ নভেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার হাইকোর্ট বেঞ্চ রায়ের জন্য এ দিন ধার্য করেন। 

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওসমান চৌধুরী। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান।

আদালতে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, আসামি সোহেল রানার স্বীকারোক্তিমূলক জবানবন্দি স্বেচ্ছাপ্রণোদিত। তার স্বীকারোক্তিতেই অপরাধের পুরো বর্ণনা ফুটে উঠেছে। তাছাড়া পারিপার্শ্বিক সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এই আসামির কৃত অপরাধ যথাযথভাবে মূল্যায়নের ভিত্তিতে বিচারিক আদালত তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। 

অপরাধে সহ-আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না খাতুনের ভূমিকা তুলে ধরে রাষ্ট্রপক্ষ শুনানিতে বলে, অপরাধের পুরো ঘটনাই জানতেন স্বপ্না খাতুন। জানতেন বলেই তিনি তার স্বামীকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে স্বপ্না খাতুন এই অপরাধের সঙ্গে জড়িত। সোহেল-স্বপ্নার মধ্যে বোঝাপড়া না থাকলে বাসার ভেতরে এই নৃসংশ অপরাধ ঘটানোর কোনো সুযোগ থাকতো না। বিচারিক আদালত যথাযথ মূল্যায়নের ভিত্তিতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। সোহেল রানার সঙ্গে স্বপ্না খাতুনেরও মৃত্যুদণ্ড বহাল রাখা হোক।

আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান শুনানিতে দাবি করেন, ধর্ষণ ও হত্যার সঙ্গে স্বপ্না খাতুনের সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। ফলে তাকে খালাস দেওয়া হোক।

এর আগে একই দিন সকাল ১০টা ৪০ মিনিটের দিকে হাইকোর্টের এ বেঞ্চে রাজধানীর পল্লবীতে ৮ বছর বয়সী শিক্ষার্থী রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল ও স্বপ্নার আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে শুনানি শুরু হয়। তারও আগে গত ৭ জুন মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন আদালত।

গত ১৯ মে রাজধানীর পল্লবী এলাকায় প্রতিবেশী সোহেলের ঘর থেকে পপুলার মডেল হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসার খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। ওই ঘটনার পরদিন সোহেল ও তার স্ত্রী স্বপ্না এবং অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে আসামি করে পল্লবী থানায় মামলা করেন রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা।

মামলার বিবরণ অনুযায়ী, সোহেল রামিসাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে। তদন্তকারীরা জানান, ঘটনার পর সোহেল শিশু রামিসাকে গলা কেটে হত্যা করেন এবং অপরাধ ধামাচাপা দিতে লাশ টুকরো করার চেষ্টা করেন।

গত ২৪ মে আলোচিত এ মামলায় পল্লবী থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ওহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন। এতে সোহেলের বিরুদ্ধে ধর্ষণ, হত্যা ও আলামত নষ্টের অভিযোগ আনা হয়।

অন্যদিকে তার স্ত্রী স্বপ্নার বিরুদ্ধে আলামত নষ্ট, মিথ্যা তথ্য প্রদান এবং স্বামীকে অপরাধে সহায়তার অভিযোগ আনা হয়। এর কয়েক ঘণ্টা পরেই আদালত মামলাটি ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেন। পরবর্তীতে মাত্র ১৯ দিনে আলোচিত এই মামলাটির বিচার শেষ হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.