× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামিন নামঞ্জুর করে সাবেক এমপি আসাদকে কারাগারে প্রেরণ

রাজশাহী ব্যুরো।

০৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৪৯ পিএম

ছবিঃ সংগৃহীত

রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাবেক এমপি আসাদুজ্জামান আসাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে তাকে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে হাজির করা হয়েছিল।

এ সময় আসাদের পক্ষে তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে বিচারক মো. হাদিউজ্জামান তা নামঞ্জুর করেন।
আসাদকে পুলিশের প্রিজনভ্যান থেকে নামানোর সময় তিনি জয় বাংলা শ্লোগান দিতে থাকেন। শ্লোগান শুনে আদালত পাড়ার পরিবেশ কিছুটা উত্তপ্ত হলেও প্রশাসনের কঠোরতায় কোন অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি।

রাজশাহী জেলা পুলিশের আদালত পরিদর্শক মো. আমান উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় মোহনপুর থানায় করা একটি মামলার ধার্য্য তারিখ ছিল আজ (বৃহস্পতিবার)। এ মামলায় হাজিরার জন্য সাবেক এমপি আসাদুজ্জামান আসাদকে কারাগার থেকে আদালতে নেওয়া হয়েছিল। এ সময় তার জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।’
তিনি আরও জানান, এ দিন মোহনপুর থানার আরেকটি মামলায় আসাদুজ্জামানকে শ্যোন অ্যারেস্ট দেখানোর আবেদন ছিল। আদালত এই আবেদন মঞ্জুর করেছেন বলেও জানান তিনি।

রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছিলেন। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। 
গত ৬ অক্টোবর ঢাকায় তিনি র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। সম্প্রতি তাকে ঢাকা থেকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.