× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রক্ত নয়, ভোটে গণতন্ত্র চাই: সালাহউদ্দিন আহমদ

মো. কামাল উদ্দিন, চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

৩১ জানুয়ারি ২০২৬, ১৬:৪৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আর রক্ত নয়, ভোটের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। তিনি বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত হলেই দেশে একটি শক্তিশালী ও টেকসই গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে উঠবে।


শনিবার (৩১ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অষ্টম দিনে চকরিয়া পৌরসভায় ব্যাপক গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।


গণসংযোগের শুরুতে সালাহউদ্দিন আহমদ চকরিয়া পৌরসভা এলাকার প্রখ্যাত আলেম মরহুম মাওলানা মাহমুদুর রহমানের কবর জিয়ারত করেন। এরপর তিনি বিমানবন্দর পাড়া, জালিয়া পাড়া, হিন্দুপাড়া, আমাইন্নারচর, হালকাকারা এলাকাসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ চালান। এ সময় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়।


পরে চকরিয়া পৌরসভার কাজীপাড়ায় আয়োজিত পথসভায় সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা বাংলাদেশের পক্ষের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিলে এমন একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হবে, যেখানে আর কখনো ভোটাধিকার হরণ করা যাবে না এবং গণতান্ত্রিক ও মানবাধিকার পদদলিত হবে না।


তিনি বলেন, একটি বৈষম্যহীন সমাজ ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমাদের সন্তানরা ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে রক্ত দিয়ে গণতন্ত্রকে মুক্ত করেছে। ভবিষ্যতে যেন আর কখনো ভোটাধিকারের জন্য রক্ত দিতে না হয়—সেজন্য এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের পক্ষের শক্তির পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির পক্ষে।


বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা ও উন্নয়নের পরীক্ষিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে শিক্ষা, নারী উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় বিএনপি গৌরবোজ্জ্বল ভূমিকা রেখেছে।


তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে শান্তি, নিরাপত্তা, সুশাসন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।


এ সময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম. আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.