সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে বিএনপি সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে।’
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই সনদে স্পষ্টভাবে উল্লেখ আছে সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই দিনে একই ব্যক্তি শপথ নেবেন।
কিন্তু সংবিধানের দোহাই দিয়ে ভুল ব্যাখ্যা তুলে ধরে তারা (বিএনপি) সংস্কার পরিষদের শপথ গ্রহণ থেকে বিরত থেকেছে। এটি সংস্কার প্রক্রিয়া ও নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সঙ্গে প্রতারণা এবং গণরায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো হয়েছে। আমরা আশা করব, তারা দ্রুত সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন।’
তিনি বলেন, ‘সংবিধান সংস্কার না হলে বাংলাদেশ আসলে আগের বাংলাদেশই থাকবে।
শেখ হাসিনার কাঠামো থাকবে। শুধু অন্য মানুষেরা দেশ চালাবে।’
নাহিদ বলেন, “সরকারি দলে যারা আছেন তারাও সংস্কার চেয়েছেন, ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালিয়েছেন। আশা করব, অতি দ্রুত তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ দেবেন।”
তিনি বলেন, ‘নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফলে কারচুপি হয়েছে। সেগুলো সত্ত্বেও গণতন্ত্রের স্বার্থে, দেশের স্থিতিশীলতার স্বার্থে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে আমরা সামনের দিকে এগোতে চেয়েছি।’