× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রধানমন্ত্রী হিসেবে ঢাকার বাইরে তারেক রহমানের প্রথম সফর স্থগিত

ডেস্ক রিপোর্ট।

০৩ মার্চ ২০২৬, ১৪:৩৭ পিএম

ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার তারেক রহমানের পর প্রথমবার ঢাকার বাইরে সফর চূড়ান্ত হয়েছিল। আগামী ১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বগুড়া যাওয়ার কথা ছিল তার। কিন্তু প্রধানমন্ত্রীর নির্ধারিত সফর স্থগিত করা হয়েছে। 

আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনকে সামনে রেখে পূর্বনির্ধারিত এই সফর বাতিল করা হয়। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।

জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সময়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি পালন করলে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠতে পারে। নিয়ম মেনে চলার অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফর স্থগিত করেছেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ কর্মসূচি বাতিল করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।

এর আগে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী এবং বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য মীর শাহে আলম গত ২৭ ফেব্রুয়ারি নিজ এলাকায় সফরকালে জানান, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান ১০ মার্চ বগুড়া সফরে আসবেন।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) ও ঢাকা-১৭ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে বিজয়ী হন। বিধি অনুযায়ী শপথের আগে তিনি বগুড়া-৬ (সদর) আসন ছেড়ে দেন। পরে নির্বাচন কমিশন আসনটি শূন্য ঘোষণা করে এবং আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

বিএনপি থেকে জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে প্রার্থী করা হয়েছে। মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২ মার্চ দুপুরে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শহর শাখার আমির আবিদুর রহমান সোহেল এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির আল-আমিন তালুকদার মনোনয়নপত্র জমা দেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.