× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্ষমতায় আসার পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে: নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট।

০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৫ পিএম । আপডেটঃ ০৪ এপ্রিল ২০২৬, ১৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত।

ক্ষমতায় আসার পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। পবিত্র ওমরাহ পালন শেষে শনিবার (০৪ এপ্রিল) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন। 

নাহিদ ইসলাম বলেন, এখন সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে যা হচ্ছে তা যে অপ্রত্যাশিত এ রকম না;  এ দ্বন্দ্ব তৈরি হয়েছিল ৫ আগস্টের পরপরই। আমরা বলেছিলাম, নতুন সংবিধান। আর বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়। তারা পুরোনো সবকিছু রেখেই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চাই। আমরা বলেছিলাম, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য দেশে গণঅভ্যুত্থান হয়নি। দেশে সংস্কার প্রয়োজন, আমূল সংস্কার প্রয়োজন। ছাত্রজনতার চাপের মুখে তখন সংস্কার কমিশনগুলো হয়, ঐক্যমত কমিশনগুলো হয়। এখন দেখা যাচ্ছে, নির্বাচনে দুই তৃতাংশ আসন পেয়ে কোনোকিছুকেই আর তারা তোয়াক্কা করছে না বিএনপি। 

এনসিপির আহ্বায়ক বলেন, প্রথমত তারা গণভোটের গণরায়কে বাতিল করে দিয়েছে। গণভোট তারা মানছে না। তারা নানা অজুহাত দিচ্ছে। নতুন নতুন প্রস্তাবনা আনছে। ৭০ শতাংশ মানুষ গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে। গণভোট হয়েছে সুনির্দিষ্ট ৪টা প্রশ্নের ওপরে। গণভোট কিন্তু জুলাই সনদের ওপর হয়নি। জুলাই সনদে যে নোট অব ডিসেন্ট এবং সবকিছু তাদের ইশতেহার অনুযায়ী হবে- এ জটিলতা এড়াতে তখন কিন্তু গণভোটের আদেশ করা হয় এবং সেখানে সুনির্দিষ্ট ৪টা প্রশ্ন ছিল।

তিনি বলেন, শুনছি যে, বিভিন্ন অধ্যাদেশ ছিল, তার মধ্যে ১০-১১টি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ তারা সংসদে আনছে না। তারা সেটাকে আইনে পরিণত করবে না। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ রয়েছে, গুম প্রতিকার ও প্রতিরোধ অধ্যাদেশ, জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, বিচারপতি নিয়োগ অধ্যাদেশ। এসব জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে আগে যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা ছিল যেখানে নির্বাহী বিভাগের ক্ষমতাই নিরঙ্কুশ, সেই ব্যবস্থাটাই তারা রাখতে চাই। সেই সুবিধাটাই তারা ভোগ করতে চাচ্ছে। 

নাহিদ ইসলাম বলেন, তাদের নেতারাও কিন্তু গুমের শিকার হয়েছিলেন। তারা সেই গুমের অধ্যাদেশটাও বাতিল করে দিতে চাচ্ছে। আমাদের যে নিরাপত্তাবাহিনী যাদের বিরুদ্ধে গুম করার অ্যালিগেশন ছিল, বাংলাদেশ সেনাবাহিনী, ডিজিএফআইসহ অন্যদের। এই অধ্যাদেশগুলো যদি আইনে পরিণত করা না হয়, তাহলে কিন্তু তাদের যে কলঙ্ক সেই কলঙ্কও দূর হবে না।  এতে ধারণা করা হবে, বিএনপি তাদের কথায় এই কাজগুলো করছে কি না। একইভাবে বিচারপতি নিয়োগেও বিচারবিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা তারা ক্ষুণ্ন করছে।  

তিনি বলেন, সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কারবিরোধী দল। গত ১৬ বছর বিএনপি আন্দোলন-সংগ্রাম করেছে, কিন্তু মানুষ কিন্তু তাদের আন্দোলনে সাড়া দেয়নি। তারা দলীয় আন্দোলন করেছে কিন্তু জনগণের আন্দোলন কিন্তু তারা গড়ে তুলতে পারেনি। মানুষ এ জন্য সাড়া দেয়নি যে, মানুষের বিএনপির নেতৃত্বের প্রতি কোনো আস্থা ছিল না। কারণ মানুষ জানতো যে, তারও যদি ক্ষমতায় আসে তবে দেশের আসলে মৌলিক কোনো পরিবর্তন হবে না। এখন ক্ষমতায় আসার পর বিএনপির মুখোশ উন্মোচিত হচ্ছে। মানুষের কাছে এটা স্পষ্ট হচ্ছে। আর এ করণেই ১৬ বছর ফ্যাসিবাদ দীর্ঘায়িত হয়েছে। তাদের নেতৃত্বের ওপর জনতার আস্থা ছিল না। তারা সেই একই গণবিরোধী কাজ আবারও করছে।  

নাহিদ ইসলাম বলেন, আমরা সংসদে সমাধান চেয়েছিলাম। আমরা সংসদে যেহেতু সমাধান পাচ্ছি না, তাই রাজপথে আমাদের অবস্থান নিতে হচ্ছে।  আমরা এখনো আশা করবো যেন সংসদে এর উপযুক্ত পরিবেশ তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয় এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়। 

তিনি বলেন, বিএনপি এবং সরকার বুঝতেছে না যে, সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের ওপর যদি মানুষের আস্থা না থাকে, বিরোধীদলগুলো না থাকে তবে এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। বাংলাদেশের জন্য অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে, সেই জায়গায় রাজনৈতিকদলগুলোর ঐক্য প্রয়োজন ছিল। 

নাহিদ বলেন, সরকারের দুই-তৃতীয়াংশ আসন পেলেও রাজপথ বা জনগণের ভেতর কিন্তু বিএনপি নেই। আবার ভোটের হিসাবেও কিন্তু বিএনপি ৭০ শতাংশ ভোটকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.