× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জ্বালানি সংকট সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে : শিবির সভাপতি

ডেস্ক রিপোর্ট।

১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪২ এএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, অন্ধ দলীয়করণ ও প্রতিটি ক্ষেত্রে সিন্ডিকেটের মাধ্যমে মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে। দেশে গ্যাস, তেল ও কয়লার সংকট চলছে। এসব বিষয় সাধারণ মানুষকে বিষিয়ে তুলছে। সরকার যে পথে এগোচ্ছে, সেটি বাঁকাপথ। এই পথ থেকে সরকারকে সঠিক পথে ফিরে আসতে হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি বলেন, ৬ দফা দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই লংমার্চ সম্পন্ন হয়েছে, যা একটি আইকনিক ব্যাপার। আগামী ১৯ তারিখে আরও একটি লংমার্চ অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বাংলাদেশের সুনাম নষ্ট করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ তাদের লুটপাট করা অর্থ ব্যবহার করছে। একইভাবে এনসিপির নেতাকর্মীদের ওপর ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটছে। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত ও কার্যকর ব্যবস্থা নিতে প্রশাসন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগ নেওয়া উচিত।

ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি নির্বাচন দেবে না- এটা বোঝাই যাচ্ছে। তারা গণতান্ত্রিক কোনো সিস্টেমে বিশ্বাস করে না এবং দলেও গণতান্ত্রিক চর্চা করে না। তবে সরকার নির্বাচন আয়োজন করবে বলে আমরা আশা করি।

তিনি বলেন, ছাত্রশিবির নির্বাচন নিয়ে তাদের দাবি-দাওয়া সরকারের কাছে তুলে ধরবে। সরকার যদি নির্বাচনে কারচুপি করে, তাহলে তা মারাত্মক ভুল হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা আন্দোলনে নামলে সরকারের পক্ষে মসনদে টিকে থাকাও কঠিন হয়ে যাবে।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ। এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.