× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভারতের সর্বকালের সেরা সিনেমা ‘পথের পাঁচালী’

পরমেশ্বর রায় অয়ন

২১ অক্টোবর ২০২২, ২৩:৪৩ পিএম । আপডেটঃ ২২ অক্টোবর ২০২২, ০০:৩৮ এএম

‘পথের পাঁচালী’ সিনেমার একটি দৃশ্য

কালজয়ী জাপানি চলচ্চিত্র পরিচালক আকিরা কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিতের সিনেমা না দেখা আর পৃথিবীতে বাস করে চাঁদ-সূর্য না দেখা একই কথা। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা সিনেমা হিসেবে খ্যাত। এবার ভারতের সর্বকালের সেরা সিনেমা হওয়ার খেতাব অর্জন করল সিনেমাটি।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম ক্রিটিকসের (এফআইপিআরএসসিআই) ‘ইন্ডিয়া চ্যাপ্টার’ কিছুদিন আগে একটি মতগ্রহণ-জরিপ চালিয়েছিল। সেখানে দেখা যাচ্ছে জরিপে অংশগ্রহণকারীদের মতে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে প্রথম ১০টি সিনেমার তিনটিই বাংলা। 

শুধু তাই নয়, এ তিন সিনেমার পরিচালক বাংলা চলচ্চিত্রের ‘ত্রিমূর্তি’ সত্যজিৎ-ঋত্বিক-মৃণাল। 

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-কেই ভারতীয় সিনেমার ইতিহাসে এখনও পর্যন্ত সেরা ছবি বলে চিহ্নিত করেছেন মতদাতারা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৫ সালে সত্যজিৎ তাঁর প্রথম সিনেমাটি তৈরি করেন।  

তালিকায় পরের সিনেমাটি ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা শক্তিপদ রাজগুরুর উপন্যাস অবলম্বনে তৈরি। উদ্বাস্তু কলোনির এক মেয়ের সংগ্রাম নিয়ে তৈরি এই সিনেমাও বিশ্ব চলচ্চিত্রে এক স্বকীয় ভাষার অবতারণা করে। 

তালিকায় তৃতীয় নামটি মৃণাল সেনের ‘ভুবন সোম’ (১৯৬৯)। উৎপল দত্ত ও সুহাসিনী মূলে অভিনীত এই সিনেমা ভারতীয় চলচ্চিত্রের আরেক বিশ্বজয়ের কাহিনী লিখে রাখে। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে রয়েছে যথাক্রমে মালয়ালাম সিনেমা ‘এলিপ্পাথায়াম’, কন্নড় সিনেমা ‘ঘাটশ্রাদ্ধ’ (১৯৭৭) এবং এমএস সথ্যুর ‘গরম হাওয়া’ (১৯৭৩)।

সপ্তম স্থানটি আবার দখল করেছেন সত্যজিৎই, তার ১৯৬৪-এর সিনেমা ‘চারুলতা’ দিয়ে। অষ্টমে রয়েছে শ্যাম বেনেগালের ‘অঙ্কুর’ (১৯৭৪), নবমে গুরু দত্তের ‘পিয়াসা’ (১৮৫৪) এবং দশমে রমেশ সিপ্পির ১৯৭৫-এর সিনেমা ‘শোলে’।

এফআইপিআরএসসিআই নামের চলচ্চিত্র সমালোচকদের এই সংগঠনটি ১৯৩০ সালে প্রতিষ্ঠিত হয়। কান, ভেনিস বা ভিয়েনা ইত্যাদি চলচ্চিত্র উৎসবে এই সংগঠন বিভিন্ন সিনেমাকে পুরস্কৃত করে থাকে। এ তালিকার জন্য মতামত দিয়েছেন সংগঠনের ত্রিশ সদস্য।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.