× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এআইয়ে আলেমরা যথেষ্ট মনোযোগ দিচ্ছেন না, উদ্বেগ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা এর ঝুঁকি নিয়ে আলোচনা করলেও মুসলিম আলেম ও সমাজগুলো এ বিষয়ে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না বলেও উদ্বেগ প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এআইসহ উদীয়মান প্রযুক্তিতে পিছিয়ে পড়লে মুসলিম সমাজ বাইরের প্রভাবের কাছে দুর্বল হয়ে পড়তে পারে বলে সতর্ক করেন তিনি।

রোববার (১৩ সেপ্টেম্বর) ভারতের কেরালা রাজ্যের কোঝিকোড়ে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, ‘জ্ঞান ছাড়া আমরা ব্যর্থ হবো। কৃত্রিম বুদ্ধিমত্তা না বুঝলে আমরা উপনিবেশিত হয়ে পড়ব।’

কেরালার করণথুরে মার্কাজু সাকাফাথি সুন্নিয়ার একটি অনুষ্ঠানে শেখ আবুবকর ফাউন্ডেশন প্রবর্তিত প্রথম ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ গ্রহণের পর আনোয়ার এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ধর্মীয় আলেমদের বর্তমান সময়ের নতুন বাস্তবতা ও চ্যালেঞ্জগুলো বুঝতে হবে। এর মধ্যে রয়েছে আধুনিক প্রযুক্তি, নতুন বিজ্ঞান, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তা।’

তবে প্রযুক্তিগত অগ্রগতির কারণে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকেও নজর দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। আনোয়ার বলেন, মুসলিম সমাজের প্রযুক্তিগত উন্নয়ন অবশ্যই জ্ঞান, দক্ষতা, ধর্মীয় বিশ্বাস ও নৈতিক মূল্যবোধের সুরক্ষা নিশ্চিত করবে।

তিনি সতর্ক করে বলেন,

প্রযুক্তি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকলে নতুন প্রযুক্তির মাধ্যমে কিছু মূল্যবোধ সমাজে প্রবেশ করতে পারে, যা ধর্মীয় বিশ্বাস ও নৈতিকতাকে দুর্বল করে দিতে পারে।

তিনি এআই সম্পর্কে আরও বেশি জ্ঞান অর্জন ও সম্পৃক্ততার আহ্বান জানান। একই সঙ্গে প্রযুক্তিগত অগ্রগতি যেন জ্ঞান, নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তির ওপর দাঁড়ায়, তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

ভারতের গ্র্যান্ড মুফতি ও বিশিষ্ট সুন্নি আলেম কানথাপুরম এপি আবুবকর মুসলিয়ার আনোয়ার ইব্রাহিমের হাতে পুরস্কারটি তুলে দেন।

নয়াদিল্লিতে ব্রিকস নেতাদের সম্মেলনে অংশ নেওয়ার পর কেরালায় যান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সূত্র: আনাদোলু এজেন্সি

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.