× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউজে স্বাগতম: ট্রাম্প

০৬ মার্চ ২০২৬, ১২:৩৬ পিএম

ছবি: সংগৃহীত।

ক্লাব ইতিহাসে প্রথমবার মেজর লিগ সকার (এমএলএস) জিতেছে ইন্টার মায়ামি। আর এই ক্লাবের হয়ে খেলেন বিশ্বের অন্যতম সেরা লিওনেল মেসি। গতকাল (বৃহস্পতিবার) তাকেসহ পুরো দলকে হোয়াইট হাউজে অভ্যর্থনা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আটবারের ব্যালন ডি’অর জয়ী মার্কিন প্রধানের জন্য মুহূর্তটা স্মরণীয় করে তোলেন একটি উপহার দিয়ে।

ট্রাম্প ও মায়ামির যৌথ মালিক জর্জে মাসের সঙ্গে ইস্ট রুমে প্রবেশ করেন মেসি। তারপর নিজের সই করা একটি মায়ামি গোলাপি বল প্রেসিডেন্টকে উপহার দেন। এছাড়া একটি মায়ামি জার্সি ও ঘড়ি উপহার পান তিনি মাস ও প্রধান কোচ জাভিয়ের মাসচেরানোর কাছ থেকে।

২০২৩ সালের জুলাইয়ে মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথমবার হোয়াইট হাউজে গেলেন মেসি। আরেক ফুটবল তারকা ও তার দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো গত নভেম্বরে সেখানে একটি নৈশভোজে যোগ দিয়েছিলেন।

মেসি ও মাসসহ পুরো মায়ামি স্কোয়াডকে পেছনে রেখে ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিকারের প্রতিভাবান মানুষদের সম্মানিত করছি। আমি বলতে খুব গর্ব হচ্ছে যে আগে কোনো আমেরিকান প্রেসিডেন্ট যেটা বলতে পারেনি, সেটাই বলতে পারছি আমি : ‘লিওনেল মেসি, আপনাকে হোয়াইট হাউজে স্বাগতম।’

তিনি বলে গেলেন, ‘আমার ছেলে বলেছিল, ‘বাবা, তুমি কি জানো আজ এখানে কে আসতে যাচ্ছে?’ আমি বললাম, ‘না, অনেক কিছুই তো হচ্ছে।’ সে বলল ‘মেসি’।”

ছেলের মেসি ভক্তের কথা উল্লেখ করে ট্রাম্প বললেন, ‘তিনি আপনার অনেক বড় একজন ভক্ত। তিনি মনে করেন আপনি একজন অসাধারণ মানুষ। এবং আমার ধারণা কিছুক্ষণ আগে আপনাদের দেখাও হয়েছে। তো তিনি ফুটবলের অনেক বড় ভক্ত, তবে তিনি আপনারও একনিষ্ঠ ভক্ত। আর রোনালদো নামের একজন ভদ্রলোকও (ভক্ত)। ক্রিস্টিয়ানো দারুণ। আপনিও দারুণ।’

গত ৬ ডিসেম্বর এমএলএস কাপ জিতেছিল মায়ামি। টানা দ্বিতীয় মৌসুম মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হন মেসি। তাকে নিয়ে ট্রাম্পের আরও কথা, ‘লিও আপনি এসেছেন এবং জিতেছেন। এমন কিছু করা সত্যিই খুব, খুব কঠিন। এটা অস্বাভাবিক। সত্যি বলতে, আপনার ওপর অনেক বেশি চাপ ছিল, যা আপনার চেয়ে বেশি কেউ জানে না। কারণ আপনার কাছে জয়ের প্রত্যাশা ছিল, কিন্তু প্রায় কেউই জিততে পারে না।’ 

মায়ামির তারকাদের মধ্যে লুইস সুয়ারেজ ও রদ্রিগো দে পলও ছিলেন। অভ্যর্থনার পর ট্রাম্প পুরো দলকে ওভাল অফিসে আমন্ত্রণ জানান। হোয়াইট হাউজে চ্যাম্পিয়নশিপ দলকে অভ্যর্থনার জানানোর দীর্ঘদিনের রীতি আছে। সেই ধারাবাহিকতায় মেসির পা পড়ল হোয়াইট হাউজে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.