× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জন্মদিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান

ডেস্ক রিপোর্ট।

২৪ মার্চ ২০২৬, ১৭:০১ পিএম

ছবি: সংগৃহীত।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আজ জন্মদিন। ১৯৮৭ সালের এই দিনে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তিনি। আজ তার ৩৯তম জন্মদিন।

আর এই দিনেই বড় সুখবর পেলেন সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব আল হাসানকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানালেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। কেবল একটি সিরিজের জন্য নয়, সাকিবকে অন্তত ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত দলের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতে চান তিনি।

প্রধান নির্বাচক পদে নিয়োগ পাওয়ার পর আজ মঙ্গলবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে কথা বলেন তিনি। সামনেই নিউজিল্যান্ড সিরিজ, সেখানে সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে সুমন বলেন, ‘সাকিব ঠিক কতখানি ক্রিকেটের মধ্যে আছে, তা নিয়ে আমিও নিশ্চিত নই। সাকিব কাল এসে পরশু খেলে ফেলবে না। ওর প্রস্তুতির প্রয়োজন আছে। এটি কোনো ইমোশনাল জায়গা না। ও যখন ফিরবে, তখন যেন পুরোপুরি প্রস্তুত হয়েই ফেরে।’

সাকিবের বয়স ও দীর্ঘ বিরতি নিয়ে অনেক আলোচনা থাকলেও হাবিবুল বাশার মনে করেন, সাকিবের ভেতরে এখনো অনেক ক্রিকেট বাকি, ‘সাকিবের সার্ভিস নিতে পারলে দল অবশ্যই উপকৃত হবে। আমি চাই সে লম্বা সময়ের জন্য আসুক। আমার মনে হয় সাকিবের আরও দুই বছর খেলার সামর্থ্য আছে। আমাদের পরিকল্পনা এমন হওয়া উচিত যেন সে অন্তত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলে যেতে পারে।’

সাকিব আল হাসানকে ‘জেনুইন অলরাউন্ডার’ উল্লেখ করে প্রধান নির্বাচক জানান, সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে ভারসাম্য বজায় থাকে। এখন সাকিবের মামলার আইনগত সমাধান এবং মাঠের প্রস্তুতি—এই দুইয়ের সমন্বয়েই ঠিক হবে কবে নাগাদ লাল-সবুজের জার্সিতে আবার দেখা যাবে দেশের ইতিহাসের সেরা এই অলরাউন্ডারকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.