য়সটা ৩৯ ছুঁইছুঁই, অথচ মাঠে নামলেই এখনো রেকর্ড বইয়ের পাতা ওলটপালট করে দিচ্ছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল মাঠে একের পর এক অবিশ্বাস্য কীর্তি গড়েই চলেছেন তিনি।
এবার আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের প্রায় সাত দশকের পুরনো এক রেকর্ড ভেঙে নিজের করে নিলেন এই মহাতারকা। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে আলবিসেলেস্তেদের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী গোলদাতার অনন্য রেকর্ডটি এখন তার দখলে।
আজ বুধবার (১০ জুন) সকালে এক প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। ম্যাচটিতে ৩-০ গোলের দাপুটে জয় পেয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
দলের হয়ে স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করার মাধ্যমেই এই ঐতিহাসিক রেকর্ডের পাতায় নাম লেখান মেসি।
আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৯৯তম ম্যাচ খেলতে এদিন শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। ম্যাচের ৬৯তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে যখন তিনি মাঠে নামেন, গ্যালারিতে তখন করতালির রোল। মাঠে নামার ঠিক ৫৩ সেকেন্ডের মাথায় নিজের জাদুকরী ফুটবল শৈলী দেখান এলএমটেন।
তার বাড়িয়ে দেওয়া এক চমৎকার থ্রু বল ধরে বক্সে শট নিতে গিয়েছিলেন লাউতারো মার্টিনেজ। কিন্তু প্রতিপক্ষের ডিফেন্ডার তাকে ফাউল করলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। ৭২তম মিনিটে সেই পেনাল্টি থেকে নিখুঁত শটে বল জালে জড়ান মেসি, দলকে নিয়ে যান ২-০ ব্যবধানে।
আইসল্যান্ডের বিপক্ষে করা এই গোলটি ছিল আর্জেন্টিনার আকাশী-নীল জার্সিতে মেসির ১১৭তম আন্তর্জাতিক গোল। আর এই গোলের মুহূর্তেই তিনি ভেঙে দেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার অ্যাঞ্জেল লাব্রুনার রেকর্ড।
এর আগে আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ছিল লাব্রুনার। ১৯৫৭ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে যখন তিনি গোল করেছিলেন, তখন তার বয়স ছিল ৩৮ বছর ৯ মাস ১০ দিন। দীর্ঘ ৬৮ বছর ধরে অক্ষুণ্ন থাকা সেই রেকর্ডটি আজ নিজের করে নিলেন মেসি।