× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সৌদির বিপক্ষেও শুরুতে থাকছেন না লামিন ইয়ামাল

স্পোর্টস ডেস্ক।

২১ জুন ২০২৬, ০৮:৩৬ এএম

ছবি: সংগৃহীত।

স্পেনের আক্রমণভাগের অন্যতম ভরসা লামিন ইয়ামাল এখনও পুরোপুরি ফিট নন। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ না হওয়ায় সৌদি আরবের বিপক্ষে রোববারের বিশ্বকাপ ম্যাচে তাকে শুরু থেকেই মাঠে নামানোর সম্ভাবনা কম।

কেপ ভার্দের বিপক্ষে স্পেনের প্রথম ম্যাচেও শুরুর একাদশে জায়গা হয়নি ১৮ বছর বয়সি এই ফরোয়ার্ডের। চোটের কারণে তাকে ৭১ মিনিটে বদলি হিসেবে নামানো হয়। সেই ম্যাচে গোলশূন্য ড্র করে হতাশাজনক সূচনা করে স্প্যানিশরা।

সৌদি আরব ম্যাচের আগে স্প্যানিশ গণমাধ্যম আরটিভিইকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল জানান, আগের চেয়ে নিজেকে অনেক ভালো লাগছে। তবে এখনও পুরো ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছাননি তিনি। চোট কাটিয়ে ফেরার পর ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন বার্সেলোনা তারকা। কোচ যত সময় মাঠে থাকতে বলবেন, ততক্ষণ খেলতে প্রস্তুত বলেও জানান তিনি।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে স্পেনের পরবর্তী গন্তব্য গুয়াদালাহারা, যেখানে গ্রুপ ‘এইচ’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করার লক্ষ্যে ম্যাচটি স্পেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।  

এ কারণেই স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে ইয়ামালকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাইছেন না। কোচিং স্টাফের লক্ষ্য, উরুগুয়ের বিপক্ষে ম্যাচে তাকে শতভাগ ফিট অবস্থায় পাওয়া।

দলের আরেক উইঙ্গার নিকো উইলিয়ামসও ইনজুরি নিয়ে বিশ্বকাপে এলেও তার শারীরিক অবস্থা তুলনামূলক ভালো বলে জানিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, দলে বিশ্বমানের অনেক খেলোয়াড় থাকায় কাউকে দ্রুত মাঠে ফেরানোর প্রয়োজন নেই; সবাইকে ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে।

মাত্র ১৮ বছর বয়সেই ইউরো চ্যাম্পিয়ন হওয়া ইয়ামাল সম্প্রতি বার্সেলোনাকে লা লিগা শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত এই তরুণ তারকা বলেন, বিশ্বজুড়ে ভক্তদের প্রত্যাশার কথা তিনি জানেন এবং প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.