× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপের মধ্যেই ক্লাব ছাড়ার ইঙ্গিত আলভারেজের

২৩ জুন ২০২৬, ১৬:২১ পিএম

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ চলাকালেই নিজের ভবিষ্যৎ নিয়ে বড় ইঙ্গিত দিলেন আর্জেন্টিনা তারকা হুলিয়ান আলভারেজ। অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ২-০ গোলের জয়ের পর তিনি জানিয়েছেন, চলতি গ্রীষ্মেই আতলেতিকো মাদ্রিদ ছাড়তে চান।

ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে আলভারেজ বলেন, ‘এখন হয়তো বিষয়টি নিয়ে কথা বলার সেরা সময় নয়, তবে আমি কিছু লুকাতেও চাই না। ক্লাবের যাদের সঙ্গে কথা বলা প্রয়োজন ছিল, আমি কথা বলেছি। আমার মনে হয়, সবার জন্যই ট্রান্সফারটাই সবচেয়ে ভালো সমাধান হবে। আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই।’

২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড অবশ্য নিজের সম্ভাব্য গন্তব্যের নাম প্রকাশ করেননি। তবে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, তার সবচেয়ে পছন্দের গন্তব্য বার্সেলোনা।

রবার্ট লেভানডফস্কির বিদায়ের পর নতুন স্ট্রাইকার খুঁজছে কাতালান জায়ান্টরা। সেই তালিকার শীর্ষেই রয়েছেন আলভারেজ। এরই মধ্যে নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংল্যান্ড উইঙ্গার অ্যান্থনি গর্ডনকে দলে ভেড়ানোর পর বার্সেলোনার পরবর্তী বড় লক্ষ্য আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।

শুধু বার্সেলোনাই নয়, হুলিয়ানকে দলে নিতে আগ্রহী রয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ও আর্সেনালও। এছাড়া গত মাসে রিয়াল মাদ্রিদ ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছিল বলে জানা গেছে। তবে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে আতলেতিকো।

আলভারেজকে ঘিরে চলা এই আগ্রহে বেশ বিরক্ত আতলেতিকো মাদ্রিদ। ক্লাবটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে উদ্দেশ্য করে একাধিক কটাক্ষপূর্ণ বার্তা দিয়েছে।

বার্সেলোনার বিরুদ্ধে ‘পরিকল্পিত তথ্য ফাঁস, ভুয়া খবর ও ধারাবাহিক অসম্মানজনক আচরণের’ অভিযোগ তোলে আতলেতিকো। এমনকি পাল্টা হিসেবে লামিন ইয়ামাল, পেদ্রি ও রাফিনিয়ার জন্য ‘মক বিড’ বা প্রতীকী প্রস্তাবও প্রকাশ করে তারা।

রিয়াল মাদ্রিদের ক্ষেত্রেও একই ধরনের প্রতিক্রিয়া দেখায় ক্লাবটি। আতলেতিকো জানিয়ে দেয়, আলভারেজের জন্য আসা কোনো প্রস্তাব তারা ‘বিবেচনাও করবে না’। 

উল্লেখ্য, ২০২৪ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি থেকে সর্বোচ্চ ৯৫ মিলিয়ন ইউরোর চুক্তিতে আতলেতিকো মাদ্রিদে যোগ দেন আলভারেজ। তবে মাত্র দুই মৌসুমের মধ্যেই নতুন চ্যালেঞ্জের খোঁজে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই গোলমেশিন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.