ছবি: সংগৃহীত।
শতভাগ জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’-এর শেষ ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ৩২–এ পা রাখল আর্জেন্টিনা। নকআউট পর্বের শুরুতেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে হচ্ছে এই বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের। উরুগুয়েকে পেছনে ফেলে নকআউট পর্বে জায়গা করে নেয়া আফ্রিকান দলটিকে অনেকেই সহজ প্রতিপক্ষ বিবেচনা করলেও আলবিসেলেস্তেদের কোচ লিওনেল স্ক্যালোনি যথেষ্ট সমীহ করছেন।
জর্ডানের বিপক্ষে সহজ জয়ের পর শেষ ৩২–এর প্রতিপক্ষ কেপ ভার্দেকে নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ স্ক্যালোনি। তার মতে, আফ্রিকান দলটির বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।
স্ক্যালোনি বলেন, 'ওরা খুব ভালো দল। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই প্রতিপক্ষদের কঠিন পরীক্ষায় ফেলেছে। ওরা কঠিন প্রতিদ্বন্দ্বী এবং আমাদের জন্যও ম্যাচটা কঠিন করে তুলবে। স্পেনের মতো অন্যতম ফেবারিট দল, উরুগুয়ে এবং সৌদি আরব; সবার বিপক্ষেই তারা ভালো খেলেছে। এই বিশ্বকাপে যা দেখছি, তাতে আমাদের খুব সতর্ক থাকতে হবে। তারা দ্রুতগতির, মানসম্পন্ন এবং ভালো একটি দল।'
জর্ডানের বিপক্ষে ম্যাচের পারফরম্যান্স নিয়ে স্কালোনি সন্তুষ্ট ছিলেন। তিনি জানান, নিয়মিত একাদশের বাইরে থাকা খেলোয়াড়দের মাঠে নামানোর সুযোগ পেয়েছেন এবং এতে দলের বিকল্প পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা মিলেছে।
সেই পরীক্ষাগুলোর একটি ছিল মিডফিল্ডার এজেকুয়েল প্যালাসিওসকে রাইট-ব্যাকে খেলানো। সাধারণত মিডফিল্ডে খেলা বায়ার লেভারকুসেনের এই তারকাকে রক্ষণভাগে খেলানোর কারণও ব্যাখ্যা করেন স্কালোনি।
তিনি বলেন, 'এটি এমন একটি পজিশন, যেখানে আমাদের বিকল্প তৈরি করতে হবে। আমরা নাহুয়েল মলিনাকে বিশ্রাম দিয়েছি, কারণ সে দীর্ঘ বিরতির পর ফিরেছে। আর গনসালো মন্তিয়েলকে ঝুঁকিতে ফেলতে চাইনি, কারণ গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে সে আমাদের জন্য বড় ভূমিকা রাখতে পারে। আজকের ম্যাচে আমরা কাউকে ঝুঁকিতে না ফেলে এই পজিশনে নতুন একটি সম্ভাবনা দেখতে চেয়েছিলাম।'
স্কালোনি বলেন, 'আজ সে চাইলে ৯০ মিনিটই খেলতে পারত। প্রতিপক্ষকে অসম্মান না করেই বলছি, সে চাইলে নিজের কিংবদন্তি মর্যাদাকে আরও সমৃদ্ধ করতে পারত। কিন্তু সে চেয়েছে তার সতীর্থরা খেলুক এবং সামনের ম্যাচগুলোর জন্য নিজেকে প্রস্তুত রাখুক। এটা তার ব্যক্তিত্বেরই প্রমাণ, কারণ সবাই যেসব ব্যক্তিগত পরিসংখ্যান নিয়ে কথা বলে, সেগুলো নিয়ে সে ভাবেনি। জাতীয় দল, এই দল এবং তার সতীর্থদের কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটাই এতে বোঝা যায়। এরপর আর তাকে নিয়ে নতুন করে বলার মতো কোনো শব্দ নেই।'
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
