অসুস্থ শরীর নিয়ে খেলতে নেমেছিলেন, সব ধরনের গ্র্যান্ড স্ল্যামে টানা ৭৮ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস থেকেই হয়তো। কিন্তু রেকর্ড ২৪ গ্র্যান্ড স্ল্যামজয়ী নোভাক জকোভিচের শেষ রক্ষা হলো না। রোববার ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই বিদায় নিলেন তিনি। গত ২০ বছরের মধ্যে কোনো গ্র্যান্ড স্লামে এটাই তার সবচেয়ে দ্রুত বিদায়। কঠিন এক পাঁচ সেটের লড়াইয়ে তিনি হেরে যান আর্জেন্টাইন মারিয়ানো নাভোনের কাছে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৪৮ নম্বরে থাকা আর্জেন্টাইন খেলোয়াড় নাভোনে ম্যাচটি জেতেন ৭-৬ (৭/৫), ৫-৭, ৪-৬, ৬-২, ৬-১ ব্যবধানে। এই হারের ফলে রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার জন্য জোকোভিচের সর্বশেষ চেষ্টাও থেমে গেল।
এই হারে থেমে গেল জোকোভিচের আরেকটি অসাধারণ কীর্তিও। গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে টানা ৭৮ ম্যাচ জেতার ধারা ভেঙে গেল তার। এই ধারা শুরু হয়েছিল ২০০৬ সালে। সেবার অস্ট্রেলিয়ান ওপেনে পল গোল্ডস্টেইনের কাছে হেরেছিলেন জোকোভিচ। এরপর থেকে গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডে আর কখনো হারেননি তিনি।
ম্যাচের মধ্যে কোর্টেই বমি করতে দেখা যায় জোকোভিচকে। ম্যাচের শেষ দিকে তার পায়ে টান ধরার সমস্যাও দেখা দেয়। তবে চতুর্থ সেটে একসময় মনে হচ্ছিল তিনি ম্যাচের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন। দুর্দান্ত এক ব্যাকহ্যান্ড শটে নাভোনের সার্ভিস ভেঙে তিনি ২-১ ব্যবধানে এগিয়ে যান।
কিন্তু এরপরের পাঁচটি গেম জিতে নেন নাভোনে। দুটি ব্রেক পয়েন্ট সামলে ৫-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর উচ্ছ্বাসে হাত তোলেন তিনি। এরপর আবার জোকোভিচের সার্ভিস ভেঙে ম্যাচ পঞ্চম সেটে নিয়ে যান নাভোনে।
শেষ সেট শুরুর আগে চিকিৎসার জন্য বিরতি নেন জোকোভিচ। এই সময় তার মেরুদণ্ডে ম্যাসাজ দেওয়া হয় এবং আবারও ওষুধ দেওয়া হয়।
কিন্তু নির্ধারক সেটে শুরুতেই ৩-০ ব্যবধানে এগিয়ে যান নাভোনে। এরপর আর ফেরার পথ ছিল না সার্বিয়ান তারকার জন্য। নিজের সার্ভিসে মাত্র একটি পয়েন্ট হারিয়ে দ্রুত ম্যাচ শেষ করেন নাভোনে।