× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোলকিপারের অদ্ভুত ভুল, দেশের ফুটবলে ফিক্সিংয়ের গুঞ্জন

স্পোর্টস ডেস্ক।

২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

অভিষেকেই ৬-০ ব্যবধানে হার। তার ওপর গোলকিপারের অদ্ভুত এক ভুল।

বাংলাদেশ ফুটবল লিগে প্রথমবার খেলতে নেমেই চট্টগ্রাম সিটি এফসিকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। গত শুক্রবার ফর্টিস এফসির বিপক্ষে ম্যাচে গোলকিপার শান্ত কুমার রায়ের একটি অস্বাভাবিক আচরণের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা।

কেউ কেউ ম্যাচ পাতানো কিংবা স্পট ফিক্সিংয়ের সন্দেহ করছেন। যদিও এ ধরনের অভিযোগের প্রমাণ মেলেনি।

ভিডিওতে দেখা যায়, ফর্টিসের জাপানি ফরোয়ার্ড নোরিকি আকাদা গোলপোস্ট লক্ষ্য করে শট নেন। শটটি ছিল বেশ ভালো। তবে গোলের চেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে চট্টগ্রাম সিটির গোলকিপার শান্ত কুমার রায়ের প্রতিক্রিয়া।

শটটি ঠেকানোর জন্য ঝাঁপিয়ে পড়ার মুহূর্তে শেষ দিকে নিজের দুই হাত গুটিয়ে নেন শান্ত।

বল আটকানোর চেষ্টা না করার ঘটনাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নের জন্ম দিয়েছে। তার এই প্রতিক্রিয়াকে অনেকেই স্বাভাবিক মনে করেননি।

ফুটবলে গোলকিপারের ভুল থেকে অদ্ভুত গোল হওয়া নতুন কিছু নয়। তবে দেশের ফুটবলে গত কয়েক বছরে ম্যাচ পাতানো, বেটিং ও স্পট ফিক্সিং নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ ওঠায় এমন দৃশ্য সহজেই সন্দেহের জন্ম দিয়েছে।

তবে চট্টগ্রাম সিটি এফসির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন অভিযোগটি সরাসরি নাকচ করেছেন।

তার দাবি, ভিডিও দেখে তিনিও অবাক হলেও পাতানো ম্যাচ বা বেটিংয়ের সঙ্গে ক্লাবের সম্পৃক্ততা নেই।
একটি অনলাইন সংবাদমাধ্যমকে নাজিম উদ্দিন বলেন, ‘আমরা পাতানো ম্যাচ বা বেটিং কেন করব? এর জন্য তো এখানে খেলতে আসিনি। ম্যাচের পর ভিডিওটা ফেসবুকে দেখে আমিও অবাক হয়েছি। অনেকে না জেনে আমাদের ক্লাবের নাম খারাপ করছে। রেফারি ফাউলের জন্য আগেই বাঁশি বাজিয়েছিলেন। ফলে গোলটি বাতিল হয়ে যায়।’

গোলকিপারের বিরুদ্ধে ওঠা স্পট ফিক্সিংয়ের অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজিম উদ্দিন বলেন, ‘কোনো প্রমাণ ছাড়া একজন জুনিয়র খেলোয়াড়কে নিশানা করা আর তার মনোবল ভেঙে দেওয়া মোটেও ঠিক নয়। আমরা ফিক্সিং বা জুয়ার সঙ্গে জড়িত নই। এই ছেলে ম্যাচটা খেলতে চায়নি। কিন্তু আমাদের হাতে ওর বিকল্প ছিল না।’
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.