× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন লক্ষ্য, দিলেন অবসরের ইঙ্গিত

স্পোর্টস ডেস্ক।

২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

বিশ্বকাপ অভিযান মোটেও আশানুরুপ হয়নি। তবে সেই হতাশায় বসে থাকার লোক নন ক্রিশ্চিয়ানো রোনালদো। বরং নতুন মৌসুমে নতুন আরেক লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার পাশাপাশি জিততে চান আরেকটি উয়েফা নেশন্স লিগ শিরোপা।

একই সঙ্গে অবসরের ইঙ্গিত দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার, আবার বিষয়টি নিয়ে ধোয়াশাও রেখে দিলেন তিনি।

ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের নেশন্স লিগের যাত্রা শুরু করবে পর্তুগাল। নতুন কোচ জর্জে জেসুসের হাত ধরে অনুশীলনেও নেমে পড়েছে দলটি। স্কোয়াডে আছেন ৪১ বছর বয়সী রোনালদোও।

এদিকে বুধবার লিসবনে শুরু হয়েছে তিনদিন ব্যাপী পর্তুগাল ফুটবল সামিট। সেখানে প্রথম দিনে ক্যারিয়ারের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বললেন এই মহাতারকা। জানালেন পরবর্তী লক্ষ্যও।

“মনে হয় না আগে কখনও এত মানুষের সামনে আমি কথা বলেছি… আমার লক্ষ্য দুটি: (ক্যারিয়ারে) হাজার গোল ও নেশন্স লিগ জয়।”

বর্তমানে আল নাসরে খেলা রোনালদোর ক্যারিয়ার গোল ৯৭৯টি। তার দৃঢ় বিশ্বাস, হাজার গোলের লক্ষ্য অর্জন করতে পারবেন তিনি।

“এক হাজার গোল: আমি জানি, আমি এটা অর্জন করব, কিন্তু এতে আমি বুঁদ হয়ে নেই। ফুটবল উপভোগ করাই মূল কথা, তবে হ্যাঁ, আমি সত্যিই এই রেকর্ডটা গড়তে চাই।”

উয়েফা নেশন্স লিগে ইতোমধ্যে দুটি শিরোপা জিতেছেন রোনালদো। টুর্নামেন্টটির প্রথম আসর ২০১৮-১৯ ও গত মৌসুমে তার নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় পর্তুগাল।

তার সমসাময়িক ফুটবলাররা প্রায় সবাই ইতোমধ্যে বুটজোড়া তুলে রেখেছেন। কয়েকদিন আগে তার দীর্ঘদিনের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিও জাতীয় দলকে বিদায় জানিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই রোনালদোর অবসর ভাবনা নিয়েও নিয়মিত প্রশ্ন ওঠে।

পর্তুগালের ২০১৬ ইউরো জয়ী অধিনায়কও একটা আভাস দিলেন। আবার আগের মতোই রেখে দিলেন বড় একটা ‘কিন্তু।‘

“আমি জানি না। উত্তরটা আমিও জানতে চাই, কিন্তু আমি জানি না। ত্রিশের শুরুর দিকে আমি বর্তমানে বাঁচতে শিখেছি, তাই আমি জানি না। তবে সম্ভবত এটাই আমার শেষ বছর। কখন আমার শেষ ম্যাচ আসবে, জানাব।"

ওয়েলসের বিপক্ষে ঘরের মাঠে খেলবে পর্তুগাল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে একটায়।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.