ছবি: সংগৃহীত।
‘ক্যামেরাবিহীন’ নতুন মডেলের স্মার্টগ্লাস উন্মোচনের পরিকল্পনা করছে মেটা। মানুষের ব্যক্তিগত জীবনের সুরক্ষা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মুখে ফেসবুকের এই সিদ্ধান্ত।
বার্ষিক ‘মেটা কানেক্ট’ সম্মেলনকে সামনে রেখে বার্তা সংস্থা রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
অনুমতি ছাড়া গোপনে ছবি ও ভিডিও ধারণের ঝুঁকি নিয়ে বিশ্বজুড়ে ব্যক্তিগত গোপনীয়তা (প্রাইভেসি) বিতর্ক তীব্র রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) স্মার্টগ্লাসের দুনিয়ায় নিজেদের কৌশলে বড় পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা।
চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসিলর-লাক্সোটিকার (EssilorLuxottica) সঙ্গে যৌথভাবে তৈরি মেটার স্মার্টগ্লাস গত বছর বাজারে দারুণ সাড়া ফেলে। বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখেরও বেশি ইউনিট বিক্রির মাধ্যমে চীনা প্রতিদ্বন্দ্বী রেনিয়ো ও শাওমিকে পেছনে ফেলে এই বাজারের বড় অংশই দখল করে নেয় মেটা। তবে ডিভাইসগুলোর বিপুল জনপ্রিয়তার সঙ্গেই জোরালো হতে থাকে এর অপব্যবহারের ঝুঁকি। সাধারণ মানুষের অজান্তে কিংবা অনুমতি ছাড়া ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দী করার আশঙ্কায় যুক্তরাজ্যসহ ইউরোপের একাধিক রেস্তোরাঁ, পাব ও থিয়েটারে এই চশমার ব্যবহার নিষিদ্ধ করা হয়।
এমনকি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মেটার বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলাও দায়ের করা হয়েছে। সেখানে অভিযোগ করা হয়—মেটার এআই প্রশিক্ষণের কাজে নিয়োজিত কর্মীরা চশমায় ধারণকৃত ব্যবহারকারীদের অতি সংবেদনশীল ও ব্যক্তিগত মুহূর্তের ভিডিও দেখতে পেরেছেন। যদিও মেটা এই অভিযোগ অস্বীকার করে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এই বিতর্ক এড়াতে মেটা মূলত দুটি ক্লাসিক ফ্রেমে—‘ক্লাবমাস্টার’ (Clubmaster) ও ‘বারব্যাঙ্ক’ (Burbank)—ক্যামেরাহীন স্মার্টগ্লাস আনার প্রস্তুতি নিচ্ছে। এতে কোনো ক্যামেরা লেন্স থাকবে না, ফলে কাউকে গোপনে ভিডিও করার ঝুঁকিও থাকবে না। তবে এতে উন্নত অডিও ফিচার ও মেটা এআইয়ের ভয়েস অ্যাসিস্ট্যান্ট যুক্ত থাকবে, যার মাধ্যমে গান শোনা, কল করা এবং এআইয়ের সঙ্গে সরাসরি কথা বলে বিভিন্ন নির্দেশনা দেওয়া যাবে। ক্যামেরা না থাকায় ডিভাইসটি আরও পাতলা, হালকা এবং সাধারণ অপটিক্যাল ফ্রেমের মতোই পরতে আরামদায়ক হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
